Main Menu

ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি ‎ ‎

সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে গড়ে ওঠা একটি গরুর খামারের কারণে চরম পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। খামার থেকে নির্গত বর্জ্য, মলমূত্র ও দুর্গন্ধের কারণে পুরো এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে এবং অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে জনস্বাস্থ্য রক্ষায় ও পরিবেশ দূষণকারী খামারটি দ্রুত স্থানান্তরের দাবিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী এলাকাবাসী ও প্রবাসী পরিবারের সদস্যরা। 
‎​স্মারকলিপি সূত্রে জানা যায়, খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার বাউড় গ্রামের বাসিন্দা ও গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম বসতবাড়ির আঙিনায় কোনো প্রকার নিয়মকানুনের তোয়াক্কা না করে ‘নাফিসা ডেইরি ফার্ম’ নামে একটি গরুর খামার স্থাপন করেন। খামারটিতে বর্তমানে প্রায় ৬০/৭০টি দেশি-বিদেশি জাতের গরু লালন-পালন করা হচ্ছে। খামারের আবর্জনা, গোবর ও পচাগলা উচ্ছিষ্ট উন্মুক্ত স্থানে এবং আশপাশের নালা-নর্দমায় ফেলায় ছেছানবাজার বাউড় এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ফলে আশপাশের অধিবাসীরা শ্বাসকষ্টসহ নানা পরিবেশসংক্রান্ত ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। 
‎​ভুক্তভোগী যুক্তরাজ্য প্রবাসী পরিবারের পক্ষে মো. ফয়জুল ইসলাম সামাদ অভিযোগে জানান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েও শাহ শফিকুল আলম নিজের পদের প্রভাব খাটিয়ে এবং লাঠিয়াল বাহিনী দিয়ে আশপাশের মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন ও খামার সরানোর প্রতিবাদ করায় নানাভাবে হয়রানি করছেন। এর আগে স্থানীয় খুরমা দক্ষিণ ইউপি চেয়ারম্যান সরজমিন পরিদর্শন করে সত্যতা পেয়ে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খামারটি স্থানান্তরের লিখিত সুপারিশ করলেও তা তোয়াক্কা করা হয়নি। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও নানা চক্রান্তে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। 
‎​ছেছানবাজার এলাকার বাউড় গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় অধিবাসীরা জনস্বাস্থ্য রক্ষায় উক্ত অবৈধ গরুর খামারটি অবিলম্বে উচ্ছেদ করতে পরিবেশ অধিদপ্তরসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। 
‎






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *