সিলেটের বন্দরবাজারে ব্যবসায়ী ও অটোচালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
সিলেট মহানগরের বন্দরবাজারে ব্যবসায়ী এবং সিনএজিচালিত অটোরিকশাচালকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে বেলা সোয়া ২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৫-২০ জন আহত হয়েছেন এবং ২৫-৩০টি গাড়ি ও ৫টি দোকান ভাঙচুর করা হয়েছে। পরে বিকাল ৩টায় দুপক্ষকে নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনে রাস্তায় অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো নিয়ে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন। এসময় ওই অটোচালক ও ব্যবসায়ীদের বাকবিতন্ডা শুরু হলে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের দিকে মারমুখী হন এবং দুপক্ষের মাঝে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং অটোচালকরা পিছু হটেন। এর কিছুক্ষণ পর ফের তাদের ধাওয়া করে বন্দরবাজার ছাড়া করেন ব্যবসায়ীরা। এসময় অজস্র ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। এই হাতাহাতি, ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করেন অটোচালকরা।
অপরদিকে, ব্যবসায়ীরা প্রাইভেটকার ও অটোরিকশাসহ ২৫-৩০টি ঘড়ি ভাঙচুর করেন। এসময় উভয়পক্ষের ১৫-২০ জন আহত হন।
পরে বিকাল পৌনে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুপক্ষকে নিয়ে বৈঠকে বসার প্রস্তুতি নেয়।
এদিকে, ঘটনার পর থেকে বন্দরবাজার এলাকা অবরোধ করে রাখেন অটোরিকশাচালকরা। শেষ খবর (বিকাল সাড়ে ৩টা) পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রেখেছিলেন।
বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও অটোচলকরা করেছেন পাল্টাপাল্টি অভিযোগ। ব্যবসায়ীরা বলছেন- তারা দীর্ঘদিন ধরে সিটি মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো না করতে নিষেধ করছেন। সিটি করপোরেশন কর্তৃপক্ষও দিয়েছে এমন নির্দেশনা। কিন্তু কোনো নির্দেশনা না মেনে অটোচালকরা সকাল থেকে রাত পর্যন্ত সিটি মার্কেট, সিটি করপোরেশন, কুদরত উল্লাহ মসজিদ মার্কেট ও পোস্ট অফিসের সামনে সড়ক দখল করে পার্কিং করে রাখে, করে যাত্রী উঠা-নামা। বিষয়টি নিয়ে আজও কথা বলতে গেলে অটোচালকরা মারমুখী আচরণ করে এবং সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করে।
অপরদিকে অটোচালকরা বলছেন- তারা বিষয়টি নিয়ে সমঝোতাবৈঠক চাচ্ছিলেন। এরই মাঝে ব্যবসায়ীরা তাদের উপর হামলা করেছেন। এর সঠিক জবাব না দেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শাহরিয়ার আলম (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব- উত্তর) বলেন- খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এখন দুপক্ষকে নিয়ে পুলিশ বৈঠকে বসবে। জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ।
Related News
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More

