বায়েজীদ মাহমুদ ফয়সল প্রকাশনা শিল্পে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন
লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর জন্মদিন উপলক্ষে পাঠ পর্যালোচনা ও সুহৃদ আড্ডা সম্পন্ন
বায়েজীদ মাহমুদ ফয়সল প্রকাশনা শিল্পে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন
বায়েজীদ মাহমুদ ফয়সল প্রায় যুগেরও বেশি সময় ধরে প্রকাশনা শিল্প নিয়ে কাজ করছেন। একজন বুদ্ধিবৃত্তিক লেখক এবং সম্পাদক হিসেবে তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছেন। মননশীল চিন্তা এবং সৃজনশীলতা তাঁকে অনন্য সুষমায় ব্যঞ্জিত করেছে। তাঁর সৃষ্টিশীল কর্ম দেশের সীমা পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক ও ঔপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত ‘বিশ্ব বাঙালির কবিতা’ কাব্যগ্রন্থের তৃতীয় খণ্ড প্রকাশ করেছেন। এ গ্রন্থে সংকলিত কবিতার মাধ্যমে বিশ্বজনীন চিন্তার সমন্বয় ঘটেছে। ‘ছড়াকেন্দ্র, সিলেট’ ও ‘পাণ্ডুলিপি প্রকাশন’-এর যৌথ আয়োজনে লেখক, সংগঠক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক ও ঔপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত ‘বিশ্ব বাঙালির কবিতা’ তৃতীয় খণ্ডের পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটি রোববার (১ মার্চ) সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ সাহিত্য ক্যাফেতে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট লেখক, ‘ছড়ালোক’ সম্পাদক শাহাদত বখত শাহেদের সভাপতিত্বে এবং কবি সেনুয়ারা আক্তার চিনুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল কবি কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), বিশিষ্ট কবি ও সমাজচিন্তক সালেহ আহমদ, বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী এবং অনুভূতি প্রকাশ করেন পাণ্ডুলিপি প্রকাশন-এর স্বত্বাধিকারী লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ এবং স্বাগত বক্তব্য দেন কবি রিপন মিয়া। অনুষ্ঠানের শেষে মোনাজাত করেন কবি ক্বারী আব্দুল বাছিত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক ও ঔপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত ‘বিশ্ব বাঙালির কবিতা’ কাব্যগ্রন্থের তৃতীয় খণ্ডের পাঠ আলোচনা ও গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গবেষক মোশতাক চৌধুরী, কবি মাসুদা সিদ্দিকা রুহী, কবি জালাল জয় প্রমুখ। উপস্থিত ছিলেন তওফিক আহমদ চৌধুরী, কবি শামীমা আক্তার জিনু, সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লুৎফা আহমদ লিলি, জান্নাত আরা খান, শুকরানা বেগম, মালতী দেব, আবদুল কাদির জীবন, মোঃ নাসির উদ্দিন, ফারুক আহমদ, এম. রহমান ফারুক, মো. নয়ন মনি, ফুল মিয়া প্রমুখ।
সম্মানিত অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল কবি কালাম আজাদ বলেন, বায়েজীদ মাহমুদ ফয়সল এক অসাধারণ প্রতিভার অধিকারী। তার চিন্তাচেতনা অনেক দূরদৃষ্টিসম্পন্ন ও সুদূরপ্রসারী। বিশেষ করে প্রকাশনা শিল্পে তাঁর অবস্থান অত্যন্ত প্রশংসনীয়। কবি আহমদ হোসেন হেলাল সম্পাদিত কাব্যগ্রন্থের কবিতাগুলোও বেশ চমৎকার মনে হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক প্রিন্সিপাল এম. আতাউর রহমান পীর বলেন, বায়েজীদ মাহমুদ ফয়সলের অন্যতম ভালো লাগার দিক হলো তাঁর সাংগঠনিক দক্ষতা। মানুষকে কনভিন্স করার মতো শক্তি তার মধ্যে বিদ্যমান। এজন্য বাংলাদেশ-সহ বহির্বিশ্বের কবি-সাহিত্যিকদেরকে সে ধরে রেখেছে। আহমদ হোসেন হেলাল তার মধ্যে অন্যতম। আমি আহমদ হোসেন হেলালের প্রাণচঞ্চল্যকে উৎসাহব্যঞ্জক মনে করি।
বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) বলেন, বায়েজীদ মাহমুদ ফয়সলের বৌদ্ধিক চিন্তাভাবনা সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকাশনা, সম্পাদনা এবং মানুষের সাথে হার্দিক বন্ধন সৃষ্টির দিক থেকে তাকে অনন্য বলা চলে। আমি তার জন্মদিনে শুভেচ্ছা জানাই এবং ‘বিশ্ব বাঙালির কবিতা’ কাব্যসংকলের সম্পাদক আহমদ হোসেন হেলালকেও ধন্যবাদ জানাই।
বিশিষ্ট কবি ও সমাজচিন্তক সালেহ আহমদ বলেন, আমি বায়েজীদ মাহমুদ ফয়সলকে অনেক দিন ধরে চিনি। সাহিত্যের ব্যাপ্তি এবং আদর্শিক ধ্যান-ধারণার কারণে আমি তাকে খুবই পছন্দ করি। তার জন্মদিন এবং একজন কবির কাব্যসংকলের পাঠ আলোচনা যেন একই মোহনায় আবদ্ধ। আমি দুজনকেই ধন্যবাদ জ্ঞাপন করছি।
বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান বলেন, পাণ্ডুলিপি প্রকাশনা প্রতিষ্ঠার পর থেকেই বায়েজীদ মাহমুদ ফয়সল সাহিত্যের জন্য নিবেদিতপ্রাণ। তার এই আন্তরিকতা, প্রেষণা এবং তাড়া আমাকে মুগ্ধ করে। আমি তার জন্মদিনে শুভেচ্ছা জানাই। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কবিদের কবিতা সংকলন করে আহমদ হোসেন হেলাল এক অসাধারণ কাজ সম্পন্ন করেছেন, এজন্য তার প্রতিও কৃতজ্ঞতা পোষণ করছি।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, সাহিত্য-সংস্কৃতি একটি জাতির বুদ্ধিবৃত্তিক নির্মাণের প্রধান হাতিয়ার। এই কাজকে প্রকাশকরা এবং শিল্পীরাই এগিয়ে নেন। বায়েজীদ মাহমুদ ফয়সল এক্ষেত্রে প্রশংসার যোগ্য। তিনি প্রকাশনার মাধ্যমে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন কবি আহমদ হোসেন হেলাল। তাঁকেও ধন্যবাদ জানাচ্ছি। তাঁর সম্পাদিত কাব্যগ্রন্থ পাঠকের কাছে সাড়া ফেলুক, এই কামনা।
অনুভূতি প্রকাশ করে বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, আজকের অনুষ্ঠানে বিদগ্ধজনদের উপস্থিতি আমাকে মুগ্ধ ও প্রাণিত করেছে। আমি সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পাণ্ডুলিপি প্রকাশনার সফলতায় আপনাদের সংযোগ আমাকে দারুণ আনন্দ দেয়। এক্ষেত্রে আপনারাও সহযোগী। পাশাপাশি আহমদ হোসেন হেলাল ভাইকেও ধন্যবাদ জানাই, তিনি পাণ্ডুলিপি প্রকাশনের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
Related News
বায়েজীদ মাহমুদ ফয়সল প্রকাশনা শিল্পে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন
লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল-এর জন্মদিন উপলক্ষে পাঠ পর্যালোচনা ও সুহৃদ আড্ডা সম্পন্নRead More
সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সমাজকে সুন্দর ও পরিশীলিত করতে পারে, ড. তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটিRead More

