Main Menu

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের অব্যাহতিপত্র গ্রহণ করা হয়। একই সঙ্গে নিয়মিত কমিটি গঠন না হওয়া পর্যন্ত জনাব দেলোয়ার হোসেন খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

কমিটির সিনিয়র সহসভাপতি জনাব ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি অসংখ্য পরিবারের জীবিকা, শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে তাঁদের সমস্যা, অধিকার ও প্রত্যাশাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। বিদেশে কর্মরত শ্রমজীবীদের ন্যায্য অধিকার রক্ষা, বিপদগ্রস্ত প্রবাসীদের সহায়তা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এহিয়া, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহসাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার আহমদ এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তবে বিদেশে কর্মরত অবস্থায় তাঁদের নানা প্রতিকূলতা ও সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যা মোকাবিলায় প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিপদগ্রস্তদের সহায়তা এবং তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসীদের অধিকার সংরক্ষণ ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি জনাব দেলোয়ার হোসেন খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *